নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সভায় কুলাউড়া উপজেলার স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: আব্দুল আউয়ালকে তাঁর অবসরজনিত কারণে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ জুন ছিল তাঁর গৌরবময় কর্মজীবনের শেষ কর্মদিবস।
২৯ জুন মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা: মামুনুর রহমানের সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সভায় ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনে মো: আব্দুল আউয়ালের সততা, নিষ্ঠা এবং কুলাউড়াবাসীর স্বাস্থ্যসেবায় তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করে উপস্থিত সকলে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে ডা: বর্ণালী দাশ, ডা: ফেরদৌস আক্তার, ডা: মো: জাকির হোসেন, ডা: সিনথিয়া তাসনিমসহ মৌলভীবাজার জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিনিধি, জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, সকল উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, এমটিইপিআই, পরিসংখ্যান ও বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়বেলায় জেলা স্বাস্থ্য বিভাগের এই আন্তরিক আয়োজন ও সহকর্মীদের ভালোবাসায় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
