অনলাইন ডেস্কঃ একজনের বয়স ৭১, অপর জনের ৪০। ছবি দেখে মনে হতেই পারে একজনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে অপর জনকে। প্রথম জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় জন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বছর খানেক আগে দুই প্রেসিডেন্টের সাক্ষাতের সূচনা বিশ্ব জুড়ে খবর হয়ে গিয়েছিল এই করমর্দনের সূত্রে।
প্যারিসে ‘বাস্তিল ডে’ পালনের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের করমর্দনের উত্তরে ম্যাক্রোঁ এমন জোরে ট্রাম্পের হাত চেপে ধরেছিলেন যে, বেশ চাপে পড়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জি-৭ শীর্ষ সম্মেলনে করমর্দনের পরও ম্যাক্রোঁর আঙুলের ছাপ রয়ে গেল ট্রাম্পের হাতে।
যদিও করমর্দনের ছবি বলছে, এই চাপাচাপির খেলাকে বেশ মজাচ্ছলেই নিয়েছেন দুই পক্ষ। কিছু দিন আগে হোয়াইট হাউসেও দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাত হয়েছে। ট্রাম্প ম্যাক্যোঁর স্যুটে একবার হাত ছুঁইয়ে তা ঠিক করেও দিচ্ছেন, এমনটাও দেখা গিয়েছে।
এ বারের করমর্দন টানা ২৯ সেকেন্ড ধরে। সেই ছবিতে ম্যাক্রোঁর মুখে দুষ্টুমি যেমন লুকোয়নি, তেমনি ট্রাম্পের মুখেও যেন ছাড়া পাওয়ার আকুতি। হাত ছাড়ার পর দেখা গেল, ট্রাম্পের হাতে রয়ে গেছে ম্যাক্রোঁর বুড়ো আঙুলের স্পষ্ট ছাপ।
ট্রাম্পের হাতে ম্যাক্রোঁর আঙুলের ছাপওয়ালা এই ছবি রীতিমতো ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক শ্রদ্ধাই প্রকাশ পেয়েছে এই করমর্দনে। কারণ শুক্রবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ম্যাক্রোঁ আর আমার সম্পর্ক অত্যন্ত ভাল।
