‘মেসির মানে উঠতে হবে আর্জেন্টিনাকে’


স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের ম্যাশেরানো আশা করছেন রাশিয়া বিশ্বকাপে তার দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে থাকবেন। সেজন্য দলের বাকি সবাইকে মেসির মানে উঠে আসারও তাগিদ দিয়েছেন সাবেক আর্জেন্টিনা অধিনায়ক।

আগের বারের রূপার পদকটাকে সোনায় পরিবর্তনের লক্ষ্য নিয়ে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে গেছেন পাঁচবারের ব্যালন ডি-অর জয়ী মেসি। তার সাবেক বার্সেলোনা সতীর্থ ম্যাশেরানো দলের সাফল্যের জন্য মেসির ফর্মে থাকাটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন।

জানুয়ারিতে হেইবেই চায়না ফরচুন ক্লাবে যোগ দেয়ার আগে বার্সেলোনার জার্সি গায়ে ১৪৩ ম্যাচ খেলেছেন ম্যাশেরানো, জিতেছেন পাঁচটি লা লিগা এবং দুটো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ানকে’ দেয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বিশ্বকাপে মেসির কাছে তার এবং দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন ম্যাশেরানো। তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমাদের আশা হচ্ছে মেসির সেরা ছন্দে থাকা। কারণ, পুরো দলের ভালো খেলা নির্ভর করছে এর উপর।’

এরপরও দলের সবাইকে মেসির মান অনুযায়ী খেলার প্রতিও গুরুত্বারোপ করেন এই ডিফেন্ডার। আলবিসেলেস্তে স্কোয়াডের অন্যতম অভিজ্ঞ এ খেলোয়াড় বলেন, ‘এটা পরিষ্কার যে লিও (মেসি) আমাদের সবাইকে একটা দল হিসেবে খেলার প্রতি গুরুত্বারোপ করে। আমি আশা করব তার সতীর্থ হিসেবে আমরা নিজেদেরকে তার মানে উন্নীত করতে পারব।’

দিয়েগো ম্যারাডোনা, ক্লদিও ক্যানিজিয়া থেকে শুরু করে হুয়ান রিকুয়েলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা হয়ে হাল আমলের লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা; আর্জেন্টিনা দল কখনোই আক্রমণভাগে খেলোয়াড়ের অভাববোধ করেনি। কিন্তু ম্যাশেরানো মনে করেন দলের রক্ষণভাগের স্থিতিই দলটাকে গত কয়েকটি প্রতিযোগিতায় আরো শক্তিশালী করে তুলেছে।

তিনি বলেন, ‘দলের আক্রমণভাগে যে মানের খেলোয়াড় আমাদের ছিল তাতে অতীতে আমাদের দলের আক্রমণ নিয়ে অনেক কথা আলোচনা হতো। কিন্তু আমি মনে করি, আক্রমণের সাথে সাথে রক্ষণভাগের সমতাই সাম্প্রতিক দলগুলোকে আরো প্রতিযোগিতামূলক করে তুলেছে।’

ব্রাজিল বিশ্বকাপে আলেহান্দ্রো সাবেয়ার অধীনে ২৪ বছর পর টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষরক্ষা হয়নি মেসিদের। যোগ করা সময়ে মারিও গোটজের গোলে শেষ হাসি হাসে জার্মানিই। মনের কোণে চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে হারের দগদগে ঘা নিয়েই গ্রুপপর্বে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সে স্মৃতি রোমন্থন করতে করতে বিশ্বকাপে নিজেদের খেলা সমপর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে যাওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন ম্যাশেরানো।

তিনি বলেন, ‘এ এক অনন্য অভিজ্ঞতা, কেননা আমরা এর আগে কখনোই ২০১৪’র মত কোনো কিছুর মধ্য দিয়ে যাইনি। এটা অসাধারণ ছিল! বিশ্বকাপ নিজেই গতি নির্ধারণ করে দেয় এবং অবশ্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে দেয়। আমরা আমাদের খেলার ধরন পালটে নিয়েছিলাম। কিন্তু আমরা যা করছি সে ব্যাপারে আমাদের একটা পরিষ্কার ধারণা ছিল। সেটাই ফাইনালে তুলে দিয়েছিল আমাদের। আমাদের খেলার ধরন, একটা নির্দিষ্ট পন্থায় কাজ করা, একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়ে যাওয়া সম্পর্কে আমাদের বিশ্বাস ছিল। আমার মতে সেটা ছিল নিকট অতীতে আমাদের সেরা বিশ্বকাপ।’

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপের মিশন শুরু করবে আর্জেন্টিনা।

Post a Comment

Previous Post Next Post