রোহিঙ্গা সঙ্কটের কারণে শান্তি সূচকে ৯ ধাপ পেছালো বাংলাদেশ


অনলাইন ডেস্কঃ বিশ্ব শান্তি সূচকে গতবছরের তুলনায় এবার ৯ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যার প্রধান কারণ হিসেবে রোহিঙ্গা সঙ্কটের কথা বলেছে সিডনিভিত্তিক ইন্সটিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস। 

১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ২ দশমিক শূন্য ৮৪ স্কোর নিয়ে ৯৩তম স্থানে রয়েছে। গতবছর এ অবস্থান ছিল ৮৪।

বুধবার (৬ জুন) সিডনিভিত্তিক ইন্সটিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস’র প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইন্সটিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গত ১২ বছর ধরে স্বাধীন দেশ ও রাজ্যের ওপর শান্তি নিয়ে জরিপ চালানো হয়। এবার প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা ১৬৩টি দেশ এবং রাজ্যের ওপর গবেষণা করেন।  

ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস বলছে, বিশ্বে গত এক দশকের মধ্যে এখন সবচেয়ে কম শান্তি বিরাজ করছে।

সংঘাত এড়াতে যে বিপুল সংখ্যক মানুষকে ঘরবাড়ি ছেড়ে প্রাণ হাতে পালাতে হচ্ছে, ত বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশ প্রায়। সাম্প্রতিক ইতিহাসে আর কখনও এত বেশি মানুষকে শরণার্থী হতে হয়নি। 

সমাজে বিদ্যমান অপরাধ প্রবণতা, রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব-সংঘাত, সংঘাতে মৃত্যু, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা, অস্ত্রের বিস্তারসহ ২৩টি বিষয় মূল্যায়ন করে এই সূচক তৈরি করেছে ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস।

প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে দমনপীড়নের কারণে ২০১৭ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গার ভার এখন বাংলাদেশকেই বইতে হচ্ছে।

ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস বলছে, মিয়ানমারে এই পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্তে এক মানবিক সঙ্কটের তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ভুটান (১.৫৪৫), শ্রীলঙ্কা দ্বিতীয় (১.৯৫৪) ও নেপাল রয়েছে তৃতীয় স্থানে (২.০৫৩)।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ পেছালেও ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২ দশমিক ৫০৪ স্কোর নিয়ে বিশ্ব শান্তি সূচকে ভারতের অবস্থান ১৩৬ নম্বরে ও দক্ষিণ এশিয়ায় পঞ্চম। অন্যদিকে পাকিস্তান ৩ দশমিক ০৭৯ স্কোর নিয়ে ১৫১ (দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ) ও আফগানিস্তান ৩ দশমিক ৫৮৫ স্কোর নিয়ে ১৬২তম (দক্ষিণ এশিয়ায় সপ্তম) স্থানে রয়েছে।

এবারের সূচকে শান্তি ও স্থিতিশীলতায় সবচেয়ে ভালো অবস্থানে আছে আইসল্যান্ড। শীর্ষ দশের বাকি দেশগুলো হল- নিউ জিল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, ডেনমার্ক, কানাডা, চেক রিপাবলিক, সিঙ্গাপুর, জাপান ও আয়ারল্যান্ড।

শান্তি সূচকে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে সিরিয়া। সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দশ দেশের বাকি নয়টি হল- আফগানিস্তান, সাউথ সুদান, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও রাশিয়া।

Post a Comment

Previous Post Next Post