বিনোদন ডেস্কঃ সংগীতে ভুবনে বাপ্পা মজুমদার এবং দিনাত জাহান মুন্নী দু’জনেই প্রতিষ্ঠিত শিল্পী। তারা বেশ জনপ্রিয়ও বটে! কিন্তু কখনো একসঙ্গে গাওয়া হয়নি তাদের। তবে এবার সেটা হয়ে গেল। প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী।
দেশের গানে শোনা যাবে তাদের দ্বৈত কণ্ঠে। ‘বিজয় বলতে ষোলই ডিসেম্বর, বিজয় মানে উনিশশো একাত্তর’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার সহিদ রাহমান, সুর দিয়েছেন উদয় বন্দ্যোপাধ্যায়।
গানের কথায় ফুটে উঠবে বাঙালির বিজয়ের অহঙ্কার, ভাষা আন্দোলন, স্বাধীনতায় বঙ্গবন্ধুর ভূমিকা, শহীদদের প্রতি বাঙালির ঋণ, উন্নয়নের লক্ষে বর্তমান সরকারের সময়োপযোগী ও দুরদর্শী সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আমরা দেশকে সবসময়ই ভালোবাসি। তবে ডিসেম্বরে যেহেতু স্বাধীন একটি দেশ পেয়েছি, তাই এ মাসে সবার মাঝে দেশত্ববোধের চেতনা বেশি কাজ করে। এমন একটি উপযুক্ত সময়ে ভক্তদের দারুণ কথার একটি গান উপহার দিতে যাচ্ছি, ভাবতেই অন্যরকম ভালো লাগছে। আমার বিশ্বাস সবাই গানটি উপভোগ করবেন।’
মুন্নী বলেন, ‘বাপ্পার সঙ্গে গাওয়ার ইচ্ছে অনেকদিন থেকে। কিন্তু হয়তে উঠছিল না। এবার একসঙ্গে গাইলাম প্রথমবার। তাও আবার দেশের গানে। ভীষণ ভালো লাগছে কাজটি করে।’
জানা গেছে, বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশের লক্ষেই গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা। শুধু অডিও নয়, এরই মধ্যে তৈরি হয়েছে গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস থেকে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ভিডিওটি প্রচারিত হবে।
