স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রাকাশ করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কমকর্তা মো. তোফায়েল ইসলাম জানান, আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু হলো। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওর্য়াড।আর তাতে রয়েছেন ৯৫৬ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার)। তারা ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রেই ভোট দেবেন তাদের পছন্দের প্রার্থীদের।
চেয়ারম্যানদের মাঝে প্রতীক পেয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো: আজিজুর রহমান চশমা, সাবেক এমপি ও জেলা বিএনপির সহসভাপতি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন পেয়েছেন আনারস, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি এম এ রহিম (সিআইপি) পেয়েছেন মোটরসাইকেল, ঐক্যবদ্ধ নাগরীক ফোরাম মৌলভীবাজারের চেয়াম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ পেয়েছেন তালগাছ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহসভাপতি, কমিউনিটি নেতা সাহাবুদ্দিন সাবুল পেয়েছেন প্রজাপতি।
