সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী বুধবার সিলেট সফরে আসছেন। তাঁর এ সফর ঘিরে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতেই সিলেট আসছেন। তবে সেদিন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি।

গত প্রায় দশ মাসের মধ্যে সিলেটে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর হবে। এ সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনও মহানগরীর আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে বক্তব্য রেখেছিলেন।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা বিরাজ করছে। উজ্জীবিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল ও জনাকীর্ণ করতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। সিলেট মহানগরী ছাড়িয়ে জেলার প্রতি উপজেলায়ও প্রধানমন্ত্রীর সমাবেশের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে।

এদিকে দলীয় সভানেত্রীর সফরকে ঘিরে সিলেটে বর্ধিত সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার অনুষ্ঠিত সে বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন বক্তব্য রাখেন। তারা প্রধানমন্ত্রীর সমাবেশের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোও বর্ধিত সভা করছে।

প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আসন্ন সফরে সিলেট আওয়ামী লীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এছাড়া সিলেটের উন্নয়ন আরো তরান্বিত হওয়ার আশা করছেন তারা।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সফরকে ঘিরে সিলেটে নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত। সবার মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে। তাঁর সফরকে, বিশেষ করে সমাবেশকে সফল করতে আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে সিলেট আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অবশ্যই আরো বেশি শক্তিশালী ও গতিশীল হবে। তাঁর সফরের ঢেউ তৃণমূলেও লাগবে। নেতাকর্মীরা অনুপ্রাণিত হবেন। এছাড়া সিলেটের উন্নয়নেও লাগতে পারে নতুন হাওয়া।

Post a Comment

Previous Post Next Post