নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ও ১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির দুইদিন ব্যাপী প্রথম বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সভায়, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ নিয়ে নেতাকর্মীদের মাঝে আলোচনা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, শেখ হাসিনার রূপকল্প ২১ ও ৪১ বাস্তবায়ন এবং ছাত্রলীগের আদর্শ কর্মীবাহিনী গঠনের কথা বলেন।
এ লক্ষ্যে আগামী ১২ ও ১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং সাংগঠনিক ইউনিট সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের বর্ধিতসভা ও কর্মশালায় স্বশরীরে উপস্থিত থেকে তাদের নিজ নিজ ইউনিটের সাংগঠনিক রিপোর্ট জমা দেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত প্রমুখ।
