নিউজ ডেস্কঃ
ভুল চিকিৎসায় চট্টগ্রামে বিচারকের স্ত্রীর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও
ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম হারুনুর রশিদ তাদের
বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আসামিরা হলেন- গাইনি
বিশেষজ্ঞ ডা. কাজল রেখা রায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের
কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. দেবাশীষ তালুকদার এবং চট্টগাম
পেশেন্ট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার।
বাদীপক্ষের
আইনজীবী আরেফিন রিজভি জানান, দুই ডাক্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা
হয়েছে।আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেছেন। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের আদেশ
হয়েছে।
মামলার
বিবরণে জানা গেছে, নোয়াখালীর সহকারী জেলা জজ মোরশেদুল আলমের স্ত্রী সায়মা
শিকদার (২২) চট্টগ্রামের গাইনী বিশেষজ্ঞ ডা. কাজল রেখা রায়ের তত্বাবধানে
চিকিৎসাধীন ছিলেন। গত ২ জুন সায়মার প্রসব বেদনা শুরু হলে ডা. কাজল রেখাকে
ফোন করা হয়। কাজল রেখা রোগীকে দ্রুত পেশেন্ট কেয়ার হাসপাতালে ভর্তি করতে
বলেন। রাত ২টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে সায়মা পুত্র সন্তানের জন্ম
দেন। রোগীর অবস্থার অবনতি হলে ৩ জুন সকালে সায়মাকে নগরীর মেট্রোপলিটন
হাসপাতালে স্থানান্তর করা হয়। মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত
চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার এক ঘণ্টা আগেই সায়মা মারা গেছেন।
