গভর্নর ড. আতিউরের পদত্যাগ, দায়িত্বে আবুল কাশেম

গভর্নর ড. আতিউরের পদত্যাগ, দায়িত্বে আবুল কাশেম
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অন্তর্বর্তীকালিন গভর্নরের দায়িত্ব পালন করবেন ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে পূর্ব নির্ধারিত অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দেন ড. আতিউর রহমান। বেলা পৌনে ১১ টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে বের হন তিনি। সেখানে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। পরে গভর্নর- প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নিজের লিখে নিয়ে যাওয়া পদত্যাগপত্রটি। প্রাধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে অর্থমন্ত্রণালয় থেকে সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংবাদ সম্মেলনে রিজার্ভের ৮শ কোটি টাকা অর্থ লুটের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি এর সঙ্গে জড়িত ও দায়িত্বে অপহেলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিবেন অর্থমন্ত্রী-এমন ধারণা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল ১০টার পর অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন ১১টার পরিবর্তে দুপুর আড়াইটায় করার কথা জানায় অর্থমন্ত্রণালয়। সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের ঘোষণা আসার কিছুক্ষণ পর অর্থমন্ত্রণালয় থেকে মন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেয়া হয়। এসব বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে যেমন তোড়জোড় চলছে। পাশাপাশি রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে চলছে নানা গুঞ্জন। তবে এসব নাটকীয়তার সমাধান ও লুট হওয়া অর্থ ফেরৎ পেতে সরকার আরও আন্তরিক হবে সেটাই দেখতে চান দেশবাসী।

Post a Comment

Previous Post Next Post