স্পোর্টস ডেস্কঃ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের (সুপার টেনের) লড়াই। দ্বিতীয় গ্রুপ থেকে এই ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নাগপুরে ভিদারভা ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শুরু হবে মূলপর্বের প্রথম ম্যাচটি। সদ্য শেষ হওয়া এশিয়াকাপের চ্যাম্পিয়ান ও গত আসরের রানার্সআপ ভারত এই ম্যাচকে সামনে রেখে রয়েছে দারুন ফুরফুরে মেজাজে। বোলিং, ব্যাটিং আর ফিল্ডিংয়ের সেরাটা দিয়ে প্রথম ম্যাচেই তুলে নিতে চান জয়। অন্যদিকে ভারতের নিজেদের মাঠে তাদের হারাতে হলে ভালো খেলার চিন্তা করছে নিউজিল্যান্ড। সাম্প্রতিক সময়ে টানা জয়ের ধারাবাহিকতায় আত্মবিশ্বাস নিয়ে এবারের আসর শুরু করেছে ভারত। প্রস্তুতি ম্যাচেও তাই খেলেছে দুর্দান্ত। শিরোপা জয়ের মিশনে অনুশীলনও করেছে যথাযথ। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের পর যদিও প্রটিয়াদের বিপক্ষে হেরেছে ধোনি বাহিনী। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। টুর্নামেন্টে শুভসূচনা করার প্রত্যয় ব্যক্ত করে রায়না বলেন, ‘নিউজিল্যান্ড শক্তিশালী দল। সহজেই জয় পাওয়া সম্ভব হবে না। জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। শুরুটা ভালোভাবে হলে পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে পারবো।’ মূলপর্বে (সুপার টেনে) খেলতে নামার আগে নিউজিল্যান্ডও খেলেছে দুইটি অনুশীলন ম্যাচ। ফলাফল একটাতে জয়, অন্যটিতে হার। কিন্তু ভারতের মাটিতে তাদের বিপক্ষে ভালো খেলাটা অতটা সহজভাবে নিচ্ছে না তাদের অন্যতম অলরাউন্ডার কোরি এন্ডারসন। তার মতে, কোন ভারতের হোম ভ্যেনুতে খুব একটা কাজে আসবে না এসব প্রস্তুতি ম্যাচ। তাদের সঙ্গে জিততে হলে দরকার সেরা খেলা। তিনি বলেন, ‘আমরা অনুশীলন ম্যাচে করা ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি। ভারতের মত বড় দলের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে। ভালো খেলার সামর্থ আমাদের রয়েছে। সেটি প্রথম ম্যাচেই দেখাতে হবে।’ যদিও চলতি বছর দুইটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। দেশের মাটিতে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে বেশ দাপুটে জয় পেয়েছে তারা। তারপরও ভিন্ন কন্ডিশনে কতটা ভাল করতে পারে তারা এটাই এখন দেখার বিষয়। অন্যদিকে এর আগের ৫ আসরে প্রথমটিতে শিরোপা জিতেছিল ভারত। আর ২০১৪ শেষ আসরটির ফাইনালে উঠেও শিরোপা হাত ছাড়া হয়েছিল তাদের। এবার তাই ঘরের মাঠে দ্বিতীয়বারের মত শিরোপা ছোঁয়ার সুবর্ণ সুযোগটি হাত ছাড়া করতে চান না ধোনি বাহিনী।
