অনলাইন ডেস্কঃ ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ২টি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। জঙ্গি বিমানের দুই পাইলট মারা গেছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জঙ্গি বিমান নিখোঁজে সংবাদ আসে। তার কয়েক ঘণ্টা পর সৌদি কর্তৃপক্ষ এসপিএ সূত্রে জঙ্গি বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করে। তবে জঙ্গি বিমান বিধ্বস্তের কারণ হিসেবে টেকনিক্যাল ফল্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর এএফপির। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের জোটে যুদ্ধ করছে সংযুক্ত আরব আমিরাত। গত বছর মার্চে সংযুক্ত আরব আমিরাতের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছিল। সেটি ছিল প্রথম ঘটনা। সোমবার এডেনে হুতিদের ওপর বোমা বর্ষণ শুরু করেছিল আমিরাতের জঙ্গি বিমান। উভয় বিমান এডেনের নিকটবর্তী পাহাড়ে বিধ্বস্ত হয়।
