স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার রাউৎগাঁওয়ে আজ (মঙ্গলবার) ভোরে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আরিফ হোসেন(২২) মারা যান এবং এসময় সাইকেলে বসা আরোহী বাবুল মিয়া (২৩) গুরুতর আহত হন। নিহত আরিফ পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনাটি টের পেয়ে ঘটনাস্থল থেকে আহত বাবুল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে প্রেরণ করে। বাবুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার এসআই নুর হোসেন সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে আরিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম মোবাইলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
