চৌধুরী রুম্মানঃ চাকুরী জাতীয়করণ, ইনক্রিমেন্টসহ বকেয়া বেতন ভাতা প্রদানের দাবীতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৭ শতাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আন্দোলনে নেমেছেন। কেন্দ্র (বিসিএইচসিপিএ) ঘোষিত কর্মসূচীর সাথে একাত্মতা পোষন করে মৌলভীবাজারের ১৭৮টিসহ বিভাগের আট শতাধিক ক্লিনিকে তারা ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতী পালন করেন। এদিকে তারা পূর্ণদিবস কর্মবিরতী পালন করায় গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে আসা সহস্রাধিক রোগীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। দরিদ্র জনগোষ্ঠীর বিশাল অংশ এসব ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। সরেজমিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর, লক্ষীপুর, প্রতাবী, জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া, ভৈরববাজার, মিটুপুর, কর্মধার বাবনিয়া, কাদিপুরের চুনঘর কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় জনদূর্ভোগের নানা চিত্র। কর্মবিরতি চলাকালে ক্লিনিকের সম্মুখে গ্রামের সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। আসমা বেগম (২২), রাবেয়া বেগম (৪০), লতিফ মিয়া (৩৮), অমরেন্দ্র শীল (৪২), দিপা রানী (৩২) সহ কয়েকজন রোগী বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে আমরা সবসময় প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ শিশু ও গর্ভবতী মায়েদের বিভিন্ন রকম সেবা পেয়ে থাকি, সিএইচসিপিরা হলেন গরীবের ডাক্তার, সরকার উনাদের দাবী-দাওয়া মেনে নিয়ে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম জাবের, মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম ওসমানী, মৌলভীবাজার জেলা যুগ্ন আহ্বায়ক জুয়েল আহমদ, কুলাউড়া উপজেলা সভাপতি শেখ মোঃ ইব্রাহিম, আব্দুল মুহিত, সাজিয়া পারবিন, আমিনুল ইসলাম, রাহাত হাসনাত, জেসমিন বেগম, জান্নাত জাহান, রেবা বেগম সহ কয়েকজন সিএইচসিপি জানান, বর্তমান সরকারের স্বাস্থ্য সেবায় সাফল্য অর্জনে সারা দেশে এ খাতের ১৪ হাজার কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও গত ৪ বছর ধরে তারা সরকারের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারনে মানবেতর জীবন-যাপন করছেন। সরকার একাধিকবার চাকুরি জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে ১৪ ফেব্র“য়ারী রোববার থেকে ১৬ ফেব্রুয়ারী ৩ দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করি। তারই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি বৃহস্পপতিবার কমিউনিটি ক্লিনিকে বসে পুর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। দাবী না মানলে কেন্দ্র ঘোষিত ২৩ ফেব্রুয়ারি কমিউনিটি ক্লিনিকের প্রকল্প কার্যালয় বিএমআরসি ভবন মহাখালীতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীকী অনশন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমরা অংশ নেব।


