নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে সাড়ে ছয় হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। গোয়েন্দা সংস্থার দৃশ্যমান ও অদৃশ্যমান সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীরা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। এসময় তিনি আরও বলেন, 'আমাদের ফায়ার ফাইটিং ইক্যুইপমেন্টসের সব তৈরি থাকবে সেখানে। চিকিৎসকগণ ফাস্ট এইডের সকল ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকবে।' স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিকদের জন্যও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহীদ মিনার এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় থাকবে। প্রবেশ পথে থাকবে আর্চওয়ে। তিনি বলেন, শুধু ঢাকা মহানগরী নয়, মহানগরীর বাইরে যেখানে যেখানে শহীদ দিবস পালন করা হবে সেখানেও একইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
