কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বোরো ক্ষেতের পাশের ডুবা সেচ করে মাছ ধরার সময় এক নালা একটি বন্দুক পাওয়া যায়। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের একটি ডুবা থেকে এ বন্দুক পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়চেগ গ্রামের রঙ্গাই এলাকায় সাইদ মিয়ার বাড়ির পিছনে মৃত আকলু মিয়ার বোরো ক্ষেতের একটি ডুবা সেচ দিয়ে মাছ ধরতে যায় আকলু মিয়ার নিযুক্ত দিনমজুর বেনু মুড়া নামক এক চা শ্রমিক। ডুবা সেচের শেষ পর্যায়ে ভেসে উঠে এক নালা একটি বন্দুক। ঘটনাটি স্থানীয় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ আলীকে অবহিত করলে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ইউপি সদস্য পরিত্যক্তভাবে পাওয়া বন্দুকটি উদ্ধার করে রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল এর কাছে জমা রাখা হয়। রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ডুবা থেকে বন্দুক পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো: শাহীনকে ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক জানান, রহিমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে বন্দুকটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বন্দুকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
