ভারতীয় প্রতিষ্ঠান বালাজি রেল রোড সিস্টেম লি: কে কুলাউড়া-শাহবাজপুর রেল প্রকল্পে পরামর্শক নিয়োগ

কুলাউড়া-শাহবাজপুর রেল প্রকল্পে পরামর্শক নিয়োগ
কুলাউড়া-শাহবাজপুর রেল প্রকল্পে পরামর্শক নিয়োগ
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর সেকশন প্রকল্পে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। ৬৭৮ কোটি ৫১ লাখ টাকা ব্যায়ে ভারতীয় ক্রেডিট লাইনের (এলওসি) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ভারতীয় প্রতিষ্ঠান বালাজি রেল রোড সিস্টেম লিমিটেডকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের চুক্তিপত্র সই হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষে জেনারেল ম্যানেজার (পূর্ব) মোজাম্মেল হক ও বালাজি রেল রোড লিমিটেড এর পক্ষে হেড অব করপোরেট তপন ঘোষ চুক্তিপত্রে সই করেন।  রেলপথমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এ সময় রেলওয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমানসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথমন্ত্রী বলেন, ‘রেল একটি আরামদায়ক এবং সাশ্রয়ী বাহন। ভারতীয় এলওসির আওতায় আমরা অনেক প্রকল্প হাতে নিয়েছি। তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি।’ প্রকল্পটি বাস্তবায়িত হলে কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের ৫১ দশমিক ৫৩ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন এবং অন্যান্য অবকাঠামো পুনর্বাসন, যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের দ্রুত ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আঞ্চলিক যোগাযোগ ও ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সঙ্গে সংযোগ স্থাপনসহ ১০ লাখ মানুষের যাতায়াতের সুবিধা হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ জুন শনিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post