![]() |
| প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রতির জন্য ৩ বছর থেকে দু’টি চেয়ার তৈরী করছেন নুরুদ্দিন |
এম. মছব্বির আলী : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নুরুদ্দিন নামে এক যুবক বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে প্রায় ৩ বছর থেকে নিরলস পরিশ্রম করে দু’টি চেয়ার তৈরী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতিকে উপহার দেয়ার জন্য। কিন্তু নুরুদ্দিন এখনো জানেনা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে হবে তার কয়েক বছর পরিশ্রম করে তৈরী করা প্রায় ১০ মন ওজনের বিশালাকৃতির দৃষ্টিনন্দন চেয়ার দু’টো। চেয়ার দু’টির কাজ শেষ হয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভীড় করছেন তার বাড়ীতে। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের গজভাগ গ্রামের মখদ্দছ আলীর ৮ ছেলে ২ মেয়ের মধ্যে ২য় ছেলে মোঃ নুরুদ্দিন (৩০) ফার্ণিচার তৈরীর কাজ করেন। তার নিজের তৈরী করা ফার্ণিচার দক্ষিণভাগ বাজারে জোনাকী ফার্ণিচার নামক একটি দোকানে রেখে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ২ ছেলে ২ মেয়ের জনক নুরুদ্দিন দক্ষিণভাগ ইউনিয়ন শ্রমিকলীগের নবগঠিত কমিটির সভাপতি। নুরুদ্দিন জানায়, দীর্ঘ দিন থেকে তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু পরিবারে কিছু একটা উপহার দেয়া। তাই তিনি প্রায় ৩ বছর পূর্বে অকশনে কাঠ কিনে ফার্ণিচার তৈরীর কাজের ফাঁকে তৈরী করতে শুরু করেন দু’টি চেয়ার। চেয়ারগুলোতে কাঠ হিসেবে ব্যবহার করা হয় সেগুন, আকাশী ও গর্জন। রূপালী, কালো, সবুজ আর ভারত থেকে আনা সোনালী রংয়ের প্রলেপ দেয়া চেয়ারগুলো দেখতে আসা বড়লেখা উপজেলা আওয়ামীলীগ নেতা ইমান উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দিন আহমদ লতা মিয়া, সাধারন সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, ইউনিয়ন আওয়ামীলীগনেতা আফাজ উদ্দিন ভুড্ডো ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম. সামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল হীরা, ফখরুল ইসলাম সাবু, আইনজীবি সহকারী আব্দুল আলিম, সমাজসেবক খায়রুল ইসলাম বলেন, নুরুদ্দিনের তৈরী ব্যতিক্রমী এই উপহার দু’টি মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির হাতে যাতে পৌছে আমরা তার জন্য মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন আহমদকে বলবো। নুরুদ্দিন জানায়, আমার দীর্ঘদিনের পরিশ্রমে গড়া চেয়ার দু’টিতে কিছুক্ষনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি ব্যবহার করেন তাহলে আমার এ পরিশ্রম সার্থক হবে।
