![]() |
| শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ |
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা পৌনে ১টার দিকে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ-মিছিল ও গাড়ী ভাংচুর করে তারা। এ সময় রাস্তার দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। গতকাল শনিবার রাতে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে মারধরে করে পুলিশ সার্জেন্ট ইমরান ও তার সহকারীরা। এ ঘটনায় অভিযুক্ত ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা। তবে তাকে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে পুলিশ সার্জেন্ট ইমরানের সর্বোচ্চ শাস্তির দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেছে শিক্ষক সমিতি। বেলা ২টার দিকে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা দেখা করেন। এর আগে সমিতির কার্যনির্বাহী জরুরি সভায় আগামীকাল মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় তারা। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানান, এ বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি শান্ত হবে। উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সিলেট যাওয়ার জন্য জাবি শিক্ষক রাকিব আহমেদ তাঁর মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন। উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ইমরান নামে ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট গাড়ি থামিয়ে কাগজপত্র দেখেন। কাগজপত্র হাতে নেয়ার পর সার্জেন্ট ইমরান গাড়ি জব্দ করেন। এ সময় ওই কর্মকর্তাকে গাড়ির কাগজপত্র রেখে দিয়ে তাঁদের রেলস্টেশন পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন রাকিব। কিন্তু পুলিশ কর্মকর্তা রাজি না হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে পরিচয় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সার্জেন্ট ইমরান। এক পর্যায়ে কর্মকর্তা রাকিবের গলা চেপে ধরে পুলিশ বক্স নিয়ে যান।
