রমনা ট্রাজেডি: ঝুলে আছে বিস্ফোরক মামলার কার্যক্রম

রমনা ট্রাজেডি: ঝুলে আছে বিস্ফোরক মামলার কার্যক্রম
রমনা ট্রাজেডি: ঝুলে আছে বিস্ফোরক মামলার কার্যক্রম (ফাইল ছবি)
নিউজ ডেস্কঃ রমনা বটমূলে বর্ষবরণ উৎসবে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় গত বছর দেয়া হলেও এখনো নিষ্পত্তি হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, খুব দ্রুতই আলোচিত এই মামলার বিচারকাজ শেষ হবে। অপরদিকে, আসামীপক্ষের আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সঠিক সময়ে হাজির না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। ২০০১ সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালায় উগ্রপন্থী সংগঠন হরকাতুল জিহাদ। এতে দশ জন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করে। গত বছর ২৩ জুন হত্যা মামলায় অভিযুক্ত হুজি প্রধান মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদন্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিন। এ রায়ের পর প্রায় আট মাস পার হলেও একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। তবে, খুব দ্রুত মামলার বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু বলেন, 'সাক্ষীদের ঠিকানা পরিবর্তনে সমস্যা হয়ে গেছে। থানা থেকে আসামিদের ঠিকানায় সমন জারি করা হচ্ছে। আমি আশা করি- আগামী বছর পহেলা বৈশাখের আগেই কার্যক্রম সমাপ্ত হবে।' অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষীদের ঠিক সময়ে আদালতে উপস্থিত না করায় মামলার কার্যক্রম ঝুলে আছে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভাকেট ফারুক হোসেন বলেন, 'রমনা বটমূলে হত্যা মামলায় গত ২৩-৬-২০১৪ তারিখে বিচার হওয়ার পরে বিস্ফোরকের মামলা পুনরায় চালু হয়। তবে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে না পারায় আমার আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।' আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post