সিটি নির্বাচন; আর বাকি ৬ দিন, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

সিটি নির্বাচন; আর বাকি ৬ দিন, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
সিটি নির্বাচন; আর বাকি ৬ দিন, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
নিউজ ডেস্কঃ নির্বাচনী বিধিমালা তথা তফশিল মোতাবেক আর মাত্র ছয় দিন নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন এবারের সিটি মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাই, নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে দ্বারে-দ্বারে ভোট প্রার্থনা আর বিভিন্ন এলাকায় জোর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকার মেয়র প্রার্থীরা। আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রত্যেকেই জয়লাভের পাশাপাশি আশা করছেন একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। তবে, এরই মধ্যে নির্বাচনের 'সুষ্ঠু পরিবেশ' নিয়েও অভিযোগ তুলেছেন কেউ-কেউ। ভোটার হোক বা না হোক, ভোটের মাঠে বিজয়ী হতে সবার শুভকামনা প্রত্যাশায় এভাবেই শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধের সাথে কখনো-বা হাত মিলিয়ে, কখনো প্রচারপত্র বিলি করে জোর গণসংযোগ চালাচ্ছেন রাজধানীর মেয়র প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি, চাইছেন সমর্থন। রোববার সকাল থেকেই রাজধানীর ধোলাইখাল থেকে শুরু করে কোতোয়ালী থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। বলেন- জনগণের মূল্যায়নই বিজয়ের নির্ধারক। ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, 'আমার যিনি মূল প্রতিদ্বন্দ্বী, তিনি কয়েকবার মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। সেইসময় তিনি কি কাজ করেছেন তা সবাই জানে। তাই মূল্যায়নের দায়িত্ব ঢাকাবাসীর হাতেই।' এদিকে, ঝিগাতলা এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। এসময় নির্বাচনে প্রভাবশালীদের কারচুপির আশঙ্কাও করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, 'প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়ে সরকারকেই প্রমাণ করতে হবে তারা ভয় পাচ্ছেনা, বরং একটা সুষ্ঠু নির্বাচন চান তারাও।' শুধু দক্ষিণই নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাও এখন মুখর প্রচারণার মাইকে। রোববার সকালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর মিরপুর বাংলা কলেজ এলাকায় প্রচার চালান। বলেন- একটি সুচিন্তিত জনরায়ই তাকে জয়ী করবে। আনিসুল হক বলেন, 'মানুষ চায় এমন একজন প্রার্থী মেয়র হবেন যিনি সৎ ও কর্মঠ। যার আগে কিছু হলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে।' পাশাপাশি আগারগাঁও এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন- তার বিজয়ই প্রমাণ করবে মানুষ এই সরকারকে আর চায়না। তবে, বড় দু'দলের পাশাপাশি বসে নেই বাম প্রার্থীরাও। ঢাকা দক্ষিণের প্রার্থী জোনায়েদ সাকিও ভোট চেয়েছেন গলি থেকে শুরু করে বিপণিবিতান পর্যন্ত। সব শেষে উৎসব মুখর পরিবেশে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে দ্বি-খণ্ডিত ঢাকা সিটির দুই মেয়র; নিশ্চিত হবে কাঙ্ক্ষিত উন্নয়ন। এমনটাই প্রত্যাশা ভোটের মাঠের যোদ্ধাদের।

Post a Comment

Previous Post Next Post