 |
| মৌলভীবাজার চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ |
এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রিয়াদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার(১৮এপ্রিল)বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে এ ঘটনাটি ঘটে। রিয়াদ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের জসিম মিয়ার ছেলে । বর্তমানে তারা মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় বসবাস করে আসছে । রিয়াদের বাবা জসিম মিয়া জানান, সকাল সাড়ে ১০ টার দিকে তার ছেলে রিয়াদকে হাসপাতালে নিয়ে আসলে তাকে জরুরি বিভাগে ভর্তি না করে দুই ঘন্টা যাবৎ ফ্লোরে ফেলে রাখা হয়। পরে ডাক্তার জিয়াউর রহমান এসে একটি ঔষধ দিলে বাচ্চার শরীর সাথে সাথে কালো হয়ে যায়। পরে বিকেলে সে মারা যায়। মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পালাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে চিকিৎসার কোনো অবহেলা ছিল না এবং যে ঔষধগুলো দেয়া হয়েছে তা সঠিক ছিল।