![]() |
| যশোরে বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ |
নিউজ ডেস্কঃ যশোরের সিঙ্গিয়ায় আবারও মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-খুলনা মহাসড়কের ওপর সিঙ্গিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রেল ও সড়ক ব্যবস্থাই স্থবির হয়ে পড়ে। এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হলেও খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়নি। এ নিয়ে গত একমাসে তিনবার সিঙ্গিয়ায় ট্রেন লাইনচ্যুত হলো। যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন যশোর জংশন হয়ে খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটির একটি বগির দুটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের অতিরিক্ত ইঞ্জিন গিয়ে মহাসড়কের ওপর থাকা বগি সরিয়ে নেয়ায় নিলে যান চলাচল এক ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে চালু হয়। অন্যবগি সরিয়ে নেয়ার তত্পরতা শুরু হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানান, সাময়িকভাবে যশোর-খুলনা রোডে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে মহাসড়ক থেকে ট্রেন সরিয়ে সড়ক যোগাযোগ চালু করা হয়েছে। প্রসঙ্গত, গত একমাসে সিঙ্গিয়ায় এ নিয়ে তিন দফা ট্রেন লাইনচ্যূত হলো। গত ১৭ ফেব্রুয়ারির পর গত ১৪ মার্চ একইস্থানে ট্রেন লাইনচ্যূত হয়। এরপর মঙ্গলবার বিকেলে আবারও এ ঘটনা ঘটল।
