 |
| টানা চতুর্থ জয়ের স্বাদ নিল মহেন্দ্র সিং ধোনির ভারত |
আমিন জাহানঃ ভারতকে বেশ কষ্ট করেই জিততে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শুক্রবার পার্থে ধোনিদের জয়ের ব্যবধান ৪ উইকেটে। চলতি বিশ্বকাপে ভারতের এটি টানা চতুর্থ জয়। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৮৩ রানের জয়ের টার্গেটে ৩৯.১ ওভার শেষে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৬ উইকেট হারিয়ে আর ৬৫ বল হাতে রেখে বিশ্বমঞ্চে টানা জয়ের স্বাদ নিল মহেন্দ্র সিং ধোনির ভারত। শুরুতেই দুই ওপেনারের বিদায়। মাঝে নেই কোহলি ও রাহানেও। বেশ চাপে পড়া ভারতকে পথ দেখানোর দায়িত্ব নেয়া রায়নারও বিদায়। শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে হেরে যাবে ভারত, এমন শংকা যখন চরমে, তখনই ধোনি চমক। যোগ্য অধিনায়ক হিসাবে দলকে নিয়ে যান জয়ের বন্দরে, ৬৫ বল হাতে রেখেই (৬/১৮৫)। ৫৬ বলে অপরাজিত ৪৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৪.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ক্যারিবীয় দলপতি জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। হোল্ডার ৬৪ বলে চারটি চার আর তিনটি ছয়ে করেন ৫৭ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ড্যারেন স্যামি। আর ২১ রান করে করেন ক্রিস গেইল এবং জোনাথন কার্টার। আরও ২১ রান আসে অতিরিক্ত খাত থেকে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট পান উমেস যাদব এবং রবীন্দ্র জাদেজা। এছাড়া একটি করে উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহিত শর্মা।

এর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে কোনো রকম পাত্তা না দিয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। আর নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচে দুই জয়ে ঝুলিতে চার পয়েন্ট। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছেও হারের স্বাদ নিতে হয়েছিল জেসন হোল্ডারের দলকে।