পাক-ভারত ক্রিকেট মহাযুদ্ধ আগামীকাল !!

পাক-ভারত ক্রিকেট মহাযুদ্ধ আগামিকাল !!
পাক-ভারত ক্রিকেট মহাযুদ্ধ আগামিকাল !!
স্পোর্টস ডেস্কঃ অতিভোজনে নাকি অমৃতেও অরুচি আসে! এটাও ক্রিকেট ম্যাচ, তবু আর দশটা ম্যাচ থেকে আলাদা। একাদশতম বিশ্বকাপের সূচি হবার পরই উত্তেজনা ছড়িয়েছিলো ক্রিকেট ভক্তদের মনে। কারণ বিশ্বকাপের মঞ্চে আবারো দেখা হবে ভারত ও পাকিস্তানের। তাও আবার একাদশতম বিশ্বকাপ মাঠে গড়ানোর দ্বিতীয় দিনেই। সেই রোমাঞ্চ নিয়েই আগামীকাল ক্রিকেটের মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। এ্যাডিলেডে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়।ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই মহাযুদ্ধের আবহ। তা সূচি নির্ধারিত হয়ে যাবার পর থেকেই শুরু হয়ে যায়। একাদশ বিশ্বকাপের সূচি ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছিল মহাযুদ্ধের আবহ। আর তাতে রোমাঞ্চিত হয়ে উঠে ক্রিকেট ভক্তরা। সেই রোমাঞ্চ আরও বেশি মাত্রা পেল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই এই দু’দলের খেলা থাকায়।ম্যাচের ফল কি হবে, এই নিয়ে জল্পনা-কল্পনা ঠিক-ঠাক জায়গা মতোই রয়েছে। তবে তার চেয়ে বেশি আলোচনার টেবিলে ঝড় তুলেছে সংখ্যাতত্ত্ব। এখনপর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবকটিতেই জয় পেয়েছে ভারত। তাই বিশ্বকাপ মঞ্চের সিরিজে ৫-০ ব্যবধানে এগিয়ে ভারত। এই সংখ্যা আরও একধাপ বাড়ানোর লক্ষ্য ভারতের। আর পাকিস্তানের লক্ষ্য ডানদিকে শূন্যের সংখ্যায় পরিবর্তন আনা।
সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না ভারতের। গেল নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর, ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ তারা। ফাইনালেই উঠতে পারেনি ভারত। এমনকি প্রথম প্রস্তুতি ম্যাচেও হারের ঢেকুঁর তোলে ধোনির দল। তবে আফগানিস্তানের বিপক্ষে ঠিকই তাদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ভারত। কিন্তু প্রস্তুতিতেও ঘাটতি কিছুটা হলেও ছিলো।কারণ উপরের সারির ব্যাটসম্যানদের দুঃশ্চিন্তা কিছুটা তো রয়েছেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শিখর ধাওয়ানের ফর্মহীনতা, বিরাট কোহলির অফ-ফর্মে থাকা, মিডল-অর্ডারে ধোনির রান পাওয়া।শুধুমাত্র ব্যাটিং বিভাগেই নয়, বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ কপালে ভারতীয় শিবিরে। যেভাবে দরকার সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না ভারতীয় বোলাররা। বিশেষভাবে পেসাররা। তবে আশার কথা হলো নেটে বোলিং করেছেন পেসার ভুবেনশ্বর কুমার।
তবে এসব নিয়ে খুব বেশি ভাবতে চান না ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি। তার লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা প্রদর্শন করা, ‘গেল কয়েকমাস কি হয়েছে, কি হয়নি। এসব মূখ্য বিষয় নয়। এটা বিশ্বকাপ। বড় আসর। পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচ খেলতে নামবো। তাই এই ম্যাচে নিজেদের সেরাটা প্রদর্শন করতে হবে আমাদের। ছেলেরা তা করার জন্য মুখিয়ে আছে। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই এবং পাকিস্তানের বিপক্ষে আমাদের অতীতের রেকর্ড অব্যাহত রাখতে চাই।’এদিকে, ওয়ানডেতে পাকিস্তানের সাম্প্রতিক ফলাফলও ভালো নয়। শেষ চার ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে তারা। এরমধ্যে বেশি গুরুত্বপূর্ণ ছিলো নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে মিসবাহ’র দল।তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে দারুন দুটি জয় তুলে নিয়েছে তারা। আর এটিকেই মনোবল বাড়ানোর টনিক হিসেবে নিয়েছেন পাকিস্তান দলপতি মিসবাহ উল হক, ‘আমি মনে করি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ আমাদের অনেক উপকার করেছে। এতে আমাদের মনোবল বেড়ে গেছে। প্রথম ম্যাচটি অনেক বড়। ভারত অনেক শক্তিশালী প্রতিপক্ষ। আর বিশ্বকাপে আমাদের বিপক্ষে সবসময় ভালো ক্রিকেট খেলে তারা। তবে অতীত নিয়ে খুব বেশি ভাবতে চাই না। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে সাফল্যকে সঙ্গী করা।’ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখনপর্যন্ত ১২৬বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লাটা অনেক বেশি ভারী পাকিস্তানের দিকে। ৭২টি ম্যাচ জিতেছে তারা। আর ভারতের জয় ৫০ ম্যাচে।

Post a Comment

Previous Post Next Post