নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে সাইফুল ইসলাম সিপু (২৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম সিপু ইটাখলা গ্রামের আব্দুল কাইয়ূম ইরা মিয়ার ছেলে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র ও আহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ইসলাম সিপুর সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে সাইফুল ইসলাম সিপুর গরু ওই জমিতে গেলে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে হামলায় জড়িত হিসেবে একই গ্রামের আবদুল মোওয়ালিবের ছেলে মো. আবদুল্লাহ (প্রায় ২০), আবদুল ওয়াহিদের ছেলে আবদুস সাইদ (রুহিত) (প্রায় ১৯), আবদুল মোওয়ালিব (প্রায় ৫০), আবদুল ওয়াহিদ (প্রায় ৫৬), আবদুল ওয়াহিদের স্ত্রী লাকী বেগম (প্রায় ৪৫) এবং আবদুল মোওয়ালিবের স্ত্রী আয়েশা আক্তারের (প্রায় ৫৬) নাম উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত সাইফুল ইসলাম সিপুকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
