দুই দিনে গুহা থেকে ৮ কিশোর উদ্ধার, অপেক্ষায় ৫


অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের গুহার ভেতর থেকে আরো চারজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনের ব্যবধানে মোট আটজন কিশোরকে গুহার ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জানা যায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের গুহায় আটকা পড়ে ছিলেন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয় রবিবার। প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করা হয়। এরপর সোমবার পুনরায় অভিযান চালিয়ে আরো চারজনকে উদ্ধার করা হয়। গুহার ভেতরে এখনো চারজন ক্ষুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ রয়েছেন।

জানা গেছে, গত রবিবার উদ্ধার করা চার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার আরো চারজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন উদ্ধারকারীরা। বর্তমানে তারা শঙ্কামুক্ত। গুহার ভেতরে থাকা আরো চার ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে আগামী মঙ্গলবার উদ্ধারের পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা।

কর্তৃপক্ষ বলছে, রবিবার দিবাগত রাতে ব্যাপক বৃষ্টিপাত হলেও গুহার ভেতর আটকা পড়াদের বাড়তি কোনো অসুবিধা হয়নি। উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি ও থাই নেভি সিলের পাঁচ সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে।

উল্লেখ্য, গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে ঘুরতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয় দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই।

Post a Comment

Previous Post Next Post