স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের পর ভারত। এশিয়ার এই শক্তিশালী দুই দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও চলমান এশিয়া কাপে বাংলাদেশ নারী দলের শুরুটা বাজে ভাবে হয়েছে। শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া দলটি, পরপর দুই ম্যাচে জিতে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়া বাংলাদেশ বুধবার এশিয়া কাপের হট ফেবারিট ভারতকেও ৭ উইকেটে হারিয়েছে।
নারীদের এশিয়া কাপে একক আধিপত্য ভারতের। এশিয়া কাপের ছয় আসরে একক চ্যাম্পিয়ন ভারত। চলমান সপ্তম আসরেও হট ফেবারিট তারা। এশিয়ার এই শক্তিশালী দলকেই বুধবার হারিয়ে দিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এই জয়ে সালমা খাতুনরা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন সর্বোচ্চ ১৪২ রান করেন সালমারা। দলীয় স্কোরই নয়, এদিন ব্যক্তিগতও এবং সর্বোচ্চ রানের জুটি সবই এসেছে এই ম্যাচে।
বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত খেলায় টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন হারমানপ্রীত কৌর। এছাড়া ৩২ রান করেন দিপ্তী শর্মা। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২১ রানের খরচায় ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ২৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন আয়শা রহমান (১২)। এরপর ২০ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার শামিমা সুলতানা ও নিগার সুলতানা। ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদগ্রস্ত হয়ে যাওয়া দলকে খেলায় ফেরান ফারজানা হক ও রুমানা আহমেদ।
চতুর্থ উইকেটে তাদের গড়া অপরাজিত ৯৩ রানের জুটিতে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। দলের জয়ে ৪৬ বলে এক ছয় এবং পাঁচ চারের সাহায্যে ৫২ রান করেন ফারজানা। এছড়া ৩৪ বলে ৪২ রান করেন রুমানা আহমেদ।
বল হাতে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ৪২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন রুমানা আহমেদ।
