স্টাফ রিপোর্টারঃ ঈদের আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে কেনাকাটা। ধনী গরীব নির্বিশেষে ঈদ উপলক্ষে কেনা কাটা করে থাকে। নিজ নিজ সামর্থের কেনা কাটায় বড় অংশ থাকে পোশাক। ঈদ প্রায় চলে আসলেও ঈদের কেনাকাটা এখনো তেমনি জমে উঠেনি।
অন্যান্য বছর রমজানের মাঝামাঝি সময়ে কুলাউড়া পৌর শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, ভাটেরা, বরমচাল ফুলেরতল বাজারসহ বিভিন্ন এলাকায় ঈদবাজার পুরোপুরি জমে উঠতো। লক্ষ্য করা গেছে প্রবাসী অধ্যুষিত এই এলাকায় ঈদের সময়ে প্রবাসীরা নিজের পরিবারসহ আত্মীয় স্বজনের জন্য অর্থ পাঠালেও এবারের ঈদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করায় বিপাকে পড়েছেন প্রবাসীরা আর সেকারনেই প্রবাসীদের পরিবার ও আত্মীয় স্বজনরা এখনো কেনাকাটা শুরু করতে দেখা যায় নি।
কুলাউড়া বাজারের বিভিন্ন বিপণি বিতানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ঈদের কেনাবেচার সেই ব্যতিব্যস্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। অন্যান্য মার্কেটের চেয়ে মিলি প্লাজা, আরএম সিটি, এমআরএইচ সিটিসহ ৪-৫টি মার্কেটেই লোকসমাগম বেশি। কেনার চেয়ে বাজারে ঈদে নতুন কী এল, দরদাম কেমন এসব যাচাই-বাছাই করতেই তাঁরা আগ্রহী ছিলেন বেশি।
কুলাউড়ার বৃহৎ মার্কেটগুলোতে ক্রেতা আকর্ষণে সাজসজ্জা করা হয়েছে। ক্রেতাদের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন মার্কেট ও দোকানে নিজস্ব সিকিউরিটি ফোর্সের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

