নিউজ ডেস্কঃ এবার ভিডিও কলের আরও একটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। আর কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন এই মেসেঞ্জার অ্যাপে গ্রুপ ভিডিও কলের সুবিধা। ক্যালিফোর্নিয়ার সান হোসে অনুষ্ঠিত F8 ডেভেলপার কনফারেন্সে এই ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মাইক্রোসফটের স্কাইপ এবং গুগলের হ্যাংআউট ব্যবহার করেও আপনি কনফারেন্স কল করতে পারবেন। তবে এই অ্যাপ দুটির তুলনায় হোয়াটসঅ্যাপ বেশী জনপ্রিয় হবার কারণে এই নতুন ফিচারটি সাড়া ফেলবে বলে আশা করা যায়। এখন মেসেজিং অ্যাপের তালিকায় সবার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। সারা পৃথিবীতে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।
প্রতিমুহূর্তে প্রায় ২০০ মিলিয়ন ইউজার এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে চলেছেন। এর আগে হোয়াটসঅ্যাপে মাত্র একজন ইউজারের সঙ্গে ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারতেন ব্যবহারকারীরা। এবার এর সঙ্গে জুড়ছে গ্রুপ ভিডিও কলের সুযোগও।
জুকারবার্গ একটি পোস্টের মাধ্যমে বলেন, “ভয়েস ও ভিডিও কল হোয়াটসঅ্যাপে খুব জনপ্রিয়। আমরা গ্রুপ ভিডিও কলিং ফিচার হোয়াটসঅ্যাপে আনতে আগ্রহী। খুব শিগগিরই স্টিকারও আসবে হোয়াটসঅ্যাপে।” থার্ড পার্টি স্টিকার ব্যবহার করা হবে হোয়াটসঅ্যাপে। সংস্থার নিজের উদ্যোগে কোনও স্টিকার বানাবে না।
