অনলাইন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উপর করারোপ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ফেসবুক নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের বিজ্ঞাপন থেকে তারা যা আয় করে আমরা তার ওপর ট্যাক্স ধরবো। এটি করা সহজ হবে। এই বাজেটেই তাদের করের আওতায় আনা হবে।
দুনিয়ার সব জায়গাতে তারা কর দিচ্ছে, শুধু আমাদের দিচ্ছে না জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে কর্পোরেট কর হার আছে ৪৫ শতাংশ, ৪২ দশমিক ৫ শতাংশ, ৩৭ শতাংশ ও ৩৫ শতাংশ যা অনেক বেশি। আমার চেষ্টা থাকবে এসব বাদ দিয়ে দুটি রেট করে দেওয়ার। সেটা হবে আদর্শিক। তারপর আমি নিশ্চিত না কারণ, মিনি কেবিনেটে যখন আলোচনা করি তখন এটিতে খুব আপত্তি হয়।
প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
