অনলাইন ডেস্কঃ বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শুক্রবার (২ মার্চ) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইদিনব্যাপী অনুষ্ঠান চলছিল। গতকাল বিভাগীয় সভাপতি হিসেবে এর উদ্বোধন করেছিলেন ড. জাফর ইকবাল। আজ শনিবার বিকালে এর সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানিয়েছেন, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে।
হামলাকারীর নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪)। তার বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকত ফয়জুল। বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমের অনুসন্ধানে এমন তথ্য বেড়িয়ে এসেছে।
গণমাধ্যমটি আরও জানায়, ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুলের পরিবারের সদস্যরা চলে যায়। সন্ধ্যায় বাসাটিতে কাউকে দেখা যায়নি। বাসাটি ছিলো তালাবদ্ধ। সূত্র: প্রথম আলো।
