নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা কাঁকন বিবির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজারের জিরারগাঁও গ্রামের নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়।
বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পূর্ণ হয় কাঁকন বিবির।
এসময় পুলিশের একটি দল কাঁকন বিবিকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, দোয়ারা বাজার
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহকারী পুলিশ সুপার দোলন মিয়া, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, আব্দুল মজিদ বীর প্রতীক,
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আব্দুল হালিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, বোগলা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, নোয়ারাই ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মাস্টার, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী প্রমুখ।
জানাজা শেষে কাঁকন বিবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন।
প্রসঙ্গত, বুধবার (২১ মার্চ) রাত ১১টা ৫মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা কাঁকন বিবি। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টা ৩২ মিনিটে কাঁকন বিবির মরদেহ তার মেয়ের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর বেলা সোয়া ১১টায় কাঁকন বিবির বহনকারী অ্যাম্বুলেন্স তাঁর বাড়িতে গিয়ে পৌঁছায়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ (সোমবার) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঁকন বিবি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে কাঁকন বিবি শ্বাসকষ্ট সহ হৃদরোগে রোগে ভুগছিলেন বলে জানান চিকিৎসকরা। সোমবার রাতে তাঁর অবস্থা বেশি খারাপ হলে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
