মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নারী দিবসে বিভিন্ন আয়োজন

নারী দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সভা, ভিন্ন আয়োজন
নারী দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সভা, ভিন্ন আয়োজন

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা, চলচ্চিত্র ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা’ এই স্লোগান সামনে রেখে এসব অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি এসব অনুষ্ঠানের আয়োজন করে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক রমা ইসলামের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন এফআইবিডিবির কর্মকর্তা শিরিন আক্তার ও সীমান্তিকের কর্মকর্তা রওশন আরা পারভীন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সদস্যসচিব সহকারি অধ্যাপক স্নিগ্ধা দাস, সদস্য শেজিন আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে পরিবার থেকেই আমাদেরকে সচেতন হতে হবে। পরিবার থেকেই সমতার শিক্ষা নিতে হবে। পরিবারই হচ্ছে নিপীড়ন বন্ধের সূতিকাগার। শিক্ষার্থীরা যদি ব্যক্তিগত জীবনে সচেতন হয়, আশপাশের মানুষকে সচেতন করে, তবে সমাজে যৌন নিপীড়ন থাকবে না। যৌন নিপীড়নের বিরুদ্ধে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে সচেতনতা তৈরী হচ্ছে, এগুলোকে আশাব্যঞ্জক বলে অভিহিত করেন বক্তারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post