স্টাফ রিপোর্টারঃ ঘন ঘন বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর পাড়ের মানুষ ফের বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। চলতি বছরের জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুর দিকে মনু নদীর ভাঙ্গন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও ইতিমধ্যে বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে নিজগৃহে ফিরছিলেন ঠিক সেই মূহুর্তে ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। কুলাউড়া উপজেলার ভুকশিমইল, ভাটেরা, জয়চন্ডি, কাদিপুর, বরমচাল ও ব্রাম্মণবাজার ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। এইসব এলাকার অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে খেটে খাওয়া মানুষ সব হারিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। হাওরপাড়ের তিন উপজেলার মানুষ দীর্ঘস্থায়ী বন্যায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে এলাকার অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ, মন্দির ও রাস্তাঘাট। অনেকেই নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। দীর্ঘস্থায়ী বন্যায় জুড়ী উপজেলা পরিষদের ভেতরসহ কুলাউড়া পৌর এলাকার তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে।
