ভারতে বাইক চালানোর নতুন নিয়ম

ভারতে বাইক চালানোর নতুন নিয়ম
অনলাইন ডেস্কঃ রাস্তায় বাইক বা স্কুটার দুর্ঘটনা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম কার্যকর হবে আগামি এপ্রিল মাস থেকেই। এই নিয়ম অনুযায়ী, প্রতিটি দু’চাকার গাড়িকে রাস্তায় চলার সময় সর্বদা হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হবে। এক্ষেত্রে কোন দিন বা রাত্রি নেই। কেউ সেই নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রনালয়ের এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বাইক বা স্কুটারে অটোমেটিক হেডলাইট অন (এএইচও) ফিচার থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। যে বাইকে বা স্কুটারে এই ফিচার থাকবে, তার ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গে আপনা থেকেই জ্বলে উঠবে হেডলাইট। যদি কোনও বাইকে এই সুবিধা না থাকে, তা হলে ম্যানুয়ালি হেডলাইট জ্বালিয়ে নিতে হবে।

কিন্তু কেন এমন নিয়ম? পরিসংখ্যানে দেখা গেছে দু’চাকার গাড়িতে দুর্ঘটনার হার সর্বাধিক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে, বিগত কয়েক বছরে ভারতে দুর্ঘটনায় নিহত ১.৪ লক্ষ মানুষের মধ্যে ৩২ হাজার ৫২৪ জনই ছিলেন বাইকারোহী। বহু ক্ষেত্রেই দেখা গেছে, উল্টোদিক থেকে আসা গাড়ির চালক বাইক বা স্কুটারটিকে খেয়াল করেননি বলেই ঘটেছে দুর্ঘটনা। সে ক্ষেত্রে দু’চাকার গাড়ির হেডলাইট জ্বললে রাস্তায় তার দৃশ্যমানতা বাড়বে। উল্টোদিক থেকে আসা গাড়ির চালক সহজেই খেয়াল করবেন বাইক বা স্কুটারটিকে। ফলে, কমবে দুর্ঘটনাও।

Post a Comment

Previous Post Next Post