অনলাইন ডেস্কঃ কথায় বলে প্রেমে পড়লে কোন অসম্ভবই আর অসম্ভব থাকে না। তা সে প্রিয় মানুষটির মুখে হাসি দেখার জন্য যাই করতে হোক না কেন।
আর ভালবাসার পাত্রের থেকে সারপ্রাইজ পেতে কোন মানুষটির না ভাল লাগে! নিজের গার্লফ্রেন্ডকে এক্কেবারে অন্যরকমভাবে বিয়ের প্রস্তাব দিলেন এক চিত্রগ্রাহক। আর বয়ফ্রেন্ডের এমন ‘ভয়ঙ্কর সুন্দর’ সারপ্রাইজে আর না বলতে পারলেন না বান্ধবী।
ব্যাংককের চিত্রগ্রাহক কেও উই লুং কীভাবে প্রেম নিবেদন করলেন? চিনে অবস্থিত বিশ্বের উচ্চতম ব্রিজটিতে উঠে পড়লেন লুং। জীবনের ঝুঁকি নিয়ে একটি পোস্টার হাতে সেই ব্রিজে দাঁড়িয়ে পড়লেন। যাতে লেখা, ‘বিয়ে করবে আমাকে?’ ছবিটি ড্রোন ক্যামেরায় তোলা হয়েছিল। পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লুং।
লুং জানান, “গার্লফ্রেন্ড বলেছিল ডিসনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে প্রেম নিবেদন করাটা বড্ড সেকেলে হয়ে গিয়েছে। তাই অন্যকিছু আবদার ছিল প্রেমিকার। তাকে খুশি করার জন্যই এত পরিশ্রম। ” এর পরেও কি প্রস্তাব খারিজ করা যায়? নাহ, লুংয়ের সঙ্গে বিয়ের সম্মতি জানিয়েছেন তিনি। তবে বাকি প্রেমিকদের কাছে চিত্রগ্রাহকের অনুরোধ, পর্যাপ্ত সুরক্ষা না নিয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাবেন না।
