শাকির আহমদ: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নব নির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদের ৭৮ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ৬ ইউপি চেয়ারম্যানসহ ৫৪ জন সাধারন সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহন করেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বক্তব্যের প্রারম্ভে জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সাধারন সদস্য ও মহিলা সংরিক্ষত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত জন প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, বর্তমান সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশের অন্যতম শর্ত হচ্ছে জনগনের কাছে দ্রুত সেবা পৌছে দেয়া। আপনারা ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে জনগনকে স্বল্প সময়ে তাদের প্রয়োজনীয় তথ্যাদি পৌছে দিবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছ, উপজেলা কৃষি অফিসার মো: শাহনেওয়াজ, উপজেলা নির্বাচন কমিশনার মো: জিল্লুর রহমান ।
শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহন করেন ভাটেরা ইউপি’র সৈয়দ একেএম নজরুল ইসলাম, টিলাগাঁও ইউপি’র মো: আব্দুল মালিক, হাজিপুর ইউপি’র আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউপি’র জুনাব আলী, পৃথিমপাশা ইউপি’র নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি’র আতিকুল ইসলাম আতিক।
উল্লেখ্য গত ৭ মে কুলাউড়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।
