শ্রীমঙ্গলের লিচুতে বাজার সয়লাব

শ্রীমঙ্গলের লিচুতে বাজার সয়লাব
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্রি হচ্ছে কাঁচা লিচু। পাকার আগেই গাছ থেকে লিচু পেড়ে বাজারে তুলছেন ব্যবসায়ীরা। মধু মাসের রসালো ফল লিচু। কিন্তু ব্যবসায়ীরা লিচু ভালো করে পাকার আগেই বাজারে নিয়ে আসছেন। ক্রেতারাও বাছ-বিচার না করেই ক্রয় করছেন রসালো এ ফল। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা লিচু বাজারে বিক্রি হচ্ছে। বাজারে তুলা লিচুর বেশিরভাগই আকারে তুলনামূলক ছোট রয়েছে। এসব লিচু টকও লাগছে। চড়া দামের কারণে লিচু বাগানের মালিকরা ফল পাকার আগেই বাজারে তুলছেন বলে জানালেন অনেকে।
শ্রীমঙ্গল শহরের নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় বসা ফলের দোকানে বিশেষ করে শহরের পয়েন্টগুলোতে এক সপ্তাহ ধরে আগাম জাতের লিচু বিক্রি করতে দেখা যাচ্ছে। আর মৌসুমের কিছুটা আগেই বাজারে আসা এসব লিচুর দামও তাই আকাশছোঁয়া। এ কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষ এসব লিচু কিনতে হিমশিম খাচ্ছেন।
বাজার ঘুরে দেখা যায়, আকার ও মান ভেদে শ্রীমঙ্গল ফলের দোকানগুলোয় পাইকারি পর্যায়ে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৩০০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে প্রতি শ’ ১৭০ থেকে ৩০০ টাকায়। আগাম লিচুর দোহাই দিয়ে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে তা বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। সাধ্যের বাইরে হওয়ায় দাম শুনেই অনেকে বাড়ি ফিরছেন খালি হাতে।
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী সোপান চৌধুরী শুভ ২৫০ টাকা দিয়ে ১০০ লিচু কিনেছেন রোববার। তিনি জানান, আম্মু লিচু খেতে চেয়েছেন, দাম অনেক বেশি হলেও লিচু কিনেছি। কিন্তু বাসায় নিয়ে দেখি লিচু টক, এগুলো ভালো করে পাকার আগেই বাজারে আনা হয়েছে।
শ্রীমঙ্গল চৌমুহনী এলাকায় লিচু কিনতে আসা এক মহিলা লিচুর দাম জানতে চাইলে দোকানদার প্রতি শ’ ২৫০ টাকা চান। বেশি দাম চাওয়ায় লিচু কেনা হয়নি ওই মহিলার। সুলতান মাহমুদ নামে আরেকজন জানান, বাজারে নতুন লিচু ওঠেছে। তাই কিনে নিয়েছি। তবে লিচুর দাম একটু বেশি দিতে হয়েছে।
খুচরা লিচু ব্যবসায়ীরা জানান, রাজশাহী এবং নাটোর এলাকার বড় ও গাছপাকা লিচু আসবে এবং আরও দুই/এক সপ্তাহ গেলে বাজারে মিষ্টি লিচু পাওয়া যাবে। মৌসুমের নতুন ফল বলে স্বাদে টক হলেও মানুষ লিচু কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। লিচুর দাম বেশি প্রসঙ্গে একাধিক ব্যবসায়ী জানান, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। তাই লিচুর দামও একটু বেশি।

Post a Comment

Previous Post Next Post