স্পোর্টস
ডেস্কঃ এই মহূর্তে বিশ্ব ক্রিকেটে ভয়ংকরতম জুটির নাম বিরাট-এবিডি! যার
সাক্ষী থাকল শনিবারের চিন্নাস্বামী। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয়
উইকেটে ২২৯ রানের পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি ও এবি
ডিভিলিয়ার্স। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
বিরাট ও এবিডি’র জোড়া সেঞ্চুরিতে তিন উইকেটে ২৪৮ রান তুলল রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ আইপিএল-এর ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ
স্কোর। ৫২ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেললেন ডি’ভিলিয়ার্স। ১২টি ছয় ও
১০ চারে সাজানো এবিডি’র ইনিংস। দলের ১৯ রানে ক্রিস গেইল (৬) ডাগ-আউটে
ফেরার পর বিরাটের সঙ্গে ক্রিজে আসেন ডি’ভিলিয়ার্স। বাকিটা ইতিহাস! এবিডি’র
ব্যাটিং তাণ্ডবের রেশ পড়ল বিরাটের ব্যাটেও। ৫৫ বলে ১০৯ রানের চোখ
ধাঁধানো ইনিংস খেলেন আরসিবি অধিনায়ক। ৮টি ওভার বাউন্ডারি ও পাঁচটি
বাউন্ডারি মারেন বিরাট। শেষ ৫ ওভারে ১১৬ রান তোলে বিরাট-এবিডি জুটি।
