আজ মহারণে মুখোমুখি পাক-ভারত

আজ মহারণে মুখোমুখি পাক-ভারত
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে ভারত। তবে ইডেন গার্ডেনসের ইতিহাস কথা বলছে পাকিস্তানের পক্ষে। কলকাতার ইডেনেই গড়াচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার আরেকটি রোমাঞ্চকর ম্যাচ। শনিবার ১৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এই ভেন্যুতে এবারই প্রথম টি-টোয়েন্টি ফরমেটে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ শুরুর আগে সবার মুখে মুখেই ছিল স্বাগতিক ভারতই অন্যতম ফেভারিট। কিন্তু, সুপার টেনের উদ্বোধনী ম্যাচ শেষেই কিনা দৃশ্যপট বদল! এশিয়া কাপ জয়ী কোহলিদের সামনে এখন ছন্দে ফেরার চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস, ‘ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকবে কারণ, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কাই ভুগবে ভারত। নিজেদের মাঠে খেলা হওয়ায় এটা ভীষণ উদ্বেগেরও। এটিই তাদের উপর চাপ তৈরি করবে এবং পাকিস্তানকে বাড়তি সুবিধা এনে দেবে।’ অন্যদিকে, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভাষ্য, ‘যদি এখানে একটি টিম থাকে যারা প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াবে সেটি হবে ভারত। আমাদের জিতবে হবে। আমি সব সময়ই বলে আসছি, ছন্দে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের স্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরতে সর্বোচ্চ চেষ্টাই করবো।’ টি-টোয়েন্টির পরিসংখ্যান ঘাটলে অবশ্য সন্দেহাতীতভাবেই ধোনিরা এগিয়ে থাকবেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এখন পর্যন্ত সাতবারের দেখায় ছয়টিতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই হারের লজ্জায় ডোবে পাকিস্তান। কিন্তু, ইডেনে যেন ভাগ্য দু’হাত ভরে দেয় পাকিস্তানকে! অবশ্য সেটি ওডিআইতে। এই মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডেতে চারবারের দেখায় রেকর্ড চার ম্যাচেই জয় পায় পাকিস্তান। তবে এ ম্যাচ আয়োজন নিয়ে নাটক কম হয়নি। বিশ্বকাপের আগে ভারত গিয়ে খেলবে না পাকিস্তান। শেষ পর্যন্ত নিরাপত্তার লিখিত শর্ত পেয়ে ভারত এসেছে তারা। তখন দুই দলের ম্যাচ ছিল ধর্মশালায়। এরপর একের পর এক হুমকি। বাধ্য সেখান থেকে ম্যাচ সরিয়ে আনা হয় কলকাতার ইডেন গার্ডেনে। আর ইডেনে আসার পর ভক্তদের মনে প্রশ্ন জাগে ইতিহাস নিয়ে। কারণ পাকিস্তানের জন্য ইডেন পয়া ভেন্যু। এখন দেখার বিষয় ইডেনে জয়ের ধারা ধরে রেখে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম জয় পাবে পাকিস্তান, নাকি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখে ইডেনে জয়ের খরা কাটাতে পারবে ভারত! 
 
ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হাদ্রিক পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, আশিস নেহরা ও জসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।

Post a Comment

Previous Post Next Post