নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ব্যবসায়ী মাহবুবুর রহমান বাবুর ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামী দরছ খাঁনকে গ্রেফতার করে ১৭ ফেব্রুয়ারী বুধবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদেক ভিত্তিতে অভিযান চালিয়ে কুলাউড়া থানার এসআই সামছুর রহমান দরছ খাঁনকে গ্রেফতার করেন। দরছ খাঁন কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মৃত জাফর খানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ড্রেন নিয়ে মনোমালিন্যের কারনে ২০১৫ সালের ৭ অক্টোবর সকালে কুলাউড়া শহরের তরুন ব্যবসায়ী মাহবুবুর রহমান বাবুকে প্রাণে হত্যার জন্য দুই মেয়েকে নিয়ে অতর্কিত হামলা চালায় দরছ খাঁন। এসময় দরছ খান দেশিয় ধারালো অস্ত্র দিয়ে বাবুকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এসময় বাবুর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দরছ খাঁন দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুক উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতাল ও পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে গ্রীনলাইফ মেডিকেল হাসপাতালে ভর্তি হন। এঘটনায় মাহবুবুর রহমান বাবু বাদী হয়ে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দরছ খাঁনকে প্রধান আসামী ও তার দুই মেয়ে সৌন্দর্য খানম লায়লা ও রাদিয়া রাবাসছুম খান ঋতুকে আসামী করে একটি মামলা (নং-৪৪৪/১৫ কুলা) দায়ের করেন। বিজ্ঞ আদালত পরবর্তীতে কুলাউড়া থানার এসআই মোঃ ওয়াসিম আল বারীকে মামলাটি তদন্তের দায়িত্ব নেন। এসআই ওয়াসিম আল বারী মামলাটি তদন্ত করে চলতি বছরের ১১ জানুয়ারি আসামীদের বহাল রেখে চূড়ান্ত চার্জশিট প্রদান করেন। সৌন্দর্য খানম লায়লা ও রাদিয়া রাবাসছুম খান ঋতু আদালত থেকে জামিন নিলেও মামলার প্রধান আসামী দরছ খাঁন জামিন না নেয়ায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলে মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানার এসআই সামছুর রহমান দরছ খাঁনকে গ্রেফতার করেন।

