বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘদিন পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে ফের দরবেশ বাবার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এবার প্রকাশ্য দিবালোকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নামামাত্রই দরবেশ বাবা টাকা বৃদ্ধি করার কথা বলে ৩৯ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সূত্র জানায়, পৌর শহরের আব্দুল আলী ট্রেড সেন্টারস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে সৌদি প্রবাসী স্বামী কাজী মামুন আহমদের পাঠানো ৩৯ হাজার টাকা উত্তোলন করে নিচে নামেন সদর ইউপি’র জফরপুর গ্রামের কাজী হুমায়রা বেগম (৩৮)। নিচে নামামাত্র অপরিচিত বয়স্ক এক ব্যক্তির সাথে দেখা হয় ওই মহিলার। অপরিচিত ব্যক্তিটি নিজেকে দরবেশ বাবা পরিচয় দিয়ে বলে ‘তোমার অনেক সমস্যা আছে ও টাকার খুব দরকার’ তোমার ব্যাগে ৩৯ হাজার টাকা আছে’ এবং আমার কাছে দিলে আমি তা বৃদ্ধি করে দিবো। এরপর ফুঁ দিয়ে কি যেনো পড়ছিল। মহিলাটি কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি নিয়ে উধাও হয়ে যায় ওই দরবেশ। হুশ ফিরে এলে তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ততোক্ষণে দরবেশ বাবা লাপাত্তা। উল্লেখ্য, গত বছরের শেষদিকে অন্তত ১০ জন মহিলার কাছ থেকে দরবেশ বাবা ফুঁ দিয়ে বিভিন্ন পরিমাণের প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়। এসব নিয়ে মিডিয়ায় লেখালেখি এবং থানা পুলিশের তৎপরতা বৃদ্ধির কথা বলা হলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ঘটলো এ ঘটনা। এ বিষয়ে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
