স্টাফ রিপোর্টারঃ চা বাগানে একটি কাপড় মোড়ানো ব্যাগে মিলল দুই নবজাতকের লাশ। লাশ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মানুষজন লাশ দেখার জন্য ভিড় জমান। বলতে থাকেন, কে করল এমন কাজ। কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের রাবার বাগান এলাকার রাস্তার পাশ থেকে সোমবার দুপুর ২টায় যমজ (দুজন) নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের লংলা চা বাগানের রাবার বাগান এলাকায় কর্মরত শ্রমিকরা রক্তমাখা একটি কাপড় মোড়ানো ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। ইউপি সদস্য সুলতান আহমদ এসে ব্যাগটি খুলে দুটি নবজাতকের লাশ দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশে খবর দেন। পরে কুলাউড়া থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
