স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছে অর্ধশত নেতাকর্মী। যোগদান উপলক্ষে কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব সংহতির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরোর পরিচালনা যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুব সংহতির সভাপতি মোঃ মুহিবুল কাদির চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, সাবেক সাংগঠনিক এম. হাজির আলী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব সাইদুল ইসলাম পাখি প্রমুখ। আলোচনা সভাশেষে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ ইরসাদ আলী চেয়ারম্যানের উত্তোরসুরী ছাত্রলীগ নেতা সৈয়দ কৌশিকের নেতৃত্বে কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
