মেট্রোরেলের ‍রুট পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষার্থীদের

মেট্রোরেলের ‍রুট পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষার্থীদের
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধ্য দিয়ে প্রস্তাবিত মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহম্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িত। আর আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিড়ে মেট্রোরেল করার মাধ্যমে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার পাঁয়তারা চলছে। যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি।’ মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, ‘সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যদি মেট্রোরেলের রুট পরিবর্তন করা সম্ভব হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে রুট কেন পরিবর্তন করা হবে না? আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা মেট্রোরেল চাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধ্বংস করে নয়।’ তিনি আরও বলেন, ‘কোনো প্রকার আলোচনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিড়ে কর্তৃপক্ষ একতরফাভাবে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।’ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফিন্যান্স বিভাগের কণক, আইন বিভাগের ইসতিয়াক, উন্নয়ন অধ্যায়ন বিভাগের নাসিম নয়ন, নাট্যকলার রাজিব নাইম প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, শাহবাগ মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা মেট্রোরেল রুট পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন।

Post a Comment

Previous Post Next Post