বাংলাদেশি যুবককে আধমরা অবস্থায় ফেলে রাখে বিএসএফ!

বাংলাদেশি যুবককে আধমরা অবস্থায় ফেলে রাখে বিএসএফ!
নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে মমিনুল ইসলাম মুন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটকে রেখে তার ওপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র বিরুদ্ধে। নির্যাতনের পর আধমরা অবস্থায় ওই যুবককে সীমান্তের কাঁটাতারের বাইরে নো-ম্যানস ল্যান্ডে ফেলে রাখা হয়। খবর পেয়ে গ্রামবাসী ও সহযোগী গরু ব্যবসায়ীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে তা সঠিকভাবে জানা যায়নি। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার চরের গ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফকিরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম চট্টু মিয়ার ছেলে। সীমান্তবাসী জানায়, ঘটনার দিন চরের গ্রাম সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬১ এর পাশ দিয়ে গরু নামানোর সময় ভোর ৫টার দিকে ভারতের দিয়ারারচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তর থেকে আটক করে মমিনুল ইসলাম মুনকে। পরে তাকে ক্যাম্পে নিয়ে ২ ঘণ্টা ধরে তার ওপর নির্যাতন চালানো হয়। এরপর সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কাঁটাতারের বাইরে ফেলে রাখা হয়। মুনের শাশুড়ি রাবেয়া বেগম জানান, মুনকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে নির্যাতন করেছে। তবে এরপর তাকে কোথায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে- তা তারা জানেন না। তিনি জানান, মুনের সঙ্গে থাকা গরু ব্যবসায়ীরা মুনকে গোপনে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে। বিজিবির ভয়ে তারা পুরো বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সীমান্তের চরের গ্রামের ইউপি সদস্য আফছার আলী বলেন, ‘আমিও শুনেছি যে বাংলাদেশি একজনকে বিএসএফ ধইরা মারপিট করছে। ছেলেটার বাড়ি আবার এ গ্রামে নয়। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’সংশ্লিষ্ট এলাকা শৌলমারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনু বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছে।’এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) গয়টাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তৈমুর রহমান  বলেন, ‘এ ধরনের খবর পাওয়ার পর আমরাও ঘটনাস্থলে যাই। তবে যাকে নির্যাতন করেছে তাকে পাইনি। সে কোথায় আছে তাও জানি না। পরে ভারতের দিয়ারারচর বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন।’

Post a Comment

Previous Post Next Post