বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ-বাহরাইন ১-১ গোলে ড্র

বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ-বাহরাইন ১-১ গোলে ড্র
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপে সফরকারী বাহরাইনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচে বাংলাদেশের হয়ে ইউসুফ সিফাত ও বাহরাইনের হয়ে জসিম ১টি করে গোল করেন। রবিবার বিকাল পৌনে ৩টায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাহরাইন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ৫৩ শতাংশ বল বাংলাদেশি যুবাদের দখলে থাকলেও শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয়েই মাঠ ছাড়ে রেজাউল করিম রেজার নেতৃত্বে মাঠে নামা লাল সবুজের দল। প্রথমার্ধের ১৮ মিনিটে রুবেলের অ্যাসিস্ট থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ইউসুফ সিফাত। কিন্তু জয়ের সেই উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশি যুবারা। খেলার ২২ মিনিটেই গোল পরিশোধ করে সমতায় ফিরে বাহরাইন। রক্ষণভাগের ভুল পাসের খেসারত দিতে গিয়ে বাহরাইনের হয়ে জসিমের করা গোল হজম করে বাংলাদেশ দল। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে গঞ্জালোস সানচেজের শিষ্যরা। এর পর ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে উজ্জীবিত বাংলাদেশ আবারো আক্রমণে যায়। আবারো আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু হয় দ্বিতীয়ার্ধ।  ম্যাচের অধিকাংশ সময়ই বাংলাদেশের হয়ে মাঝমাঠের দখল নেন শাকিল আহমেদ ও ইব্রাহিম। ম্যাচের ৫৯ মিনিটের নিজেদের অর্ধ থেকে একাধিক প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়ান শাকিল। কিন্তু বাহরাইনের গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্ট্রাইকার আব্দুল আজিজ। ৬৬ মিনিটের মাথায় মাসুক মিয়া জনির বাড়ানো বলে বাবু ও ৭০ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে কৈলাস গোলের সুযোগ হাতছাড়া করে। ৮১ মিনিটে কর্নার থেকে বল পান লাল সবুজদের দলপতি রেজাউল করিম। হেড করলেও তা গোলবারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে দারুণভাবে জমে উঠা লড়াইয়ে এগিয়ে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অরূপ বৈদ্য, তকলিশ, কেস্ট কুমার আর রুবেল মিয়াদের অসাধারণ পারফর্মে বাহরাইনের রক্ষণ বারবার কেঁপে উঠে। ম্যাচের ৮৮ মিনিটে আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে মাঠে বদলি হিসেবে প্রবেশ করেন ইমন। ৯০ মিনিটের মাথায় বাহরাইনের আতাহার আলি লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী দেশটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অলিম্পিক দল এবং বাহরাইন। উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ জাতীয় দল জয় নিয়ে তাদের এবারের মিশন শুরু করে।

Post a Comment

Previous Post Next Post