স্টাফ রিপোর্টারঃ আগামী ৩০ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা বেড়েই চলেছে, পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কসহ পাড়া-মহল্লা এমন কি অলিগলিও। কোথাও কোথাও পোস্টারের কারণে দেখা যাচ্ছে না আকাশ। পোস্টার টানানোর জন্য চলছে জায়গা দখলের প্রতিযোগিতাও। কিন্তু শীতের বৈরী আচরণে বেকায়দায় পড়ছেন প্রার্থীরা। প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারগুলো টানানোর পর শীতের শিশিরে সেগুলো ভিজে যাচ্ছে। কোথাও কোথাও টানানোর দুই-তিনদিনের মধ্যে ছিঁড়ে মাটিতে পড়ছে। এতে এক দিকে যেমন প্রার্থীদের অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে নতুন করে পোস্টার লাগাতে গিয়ে সময়ও নষ্ট হচ্ছে তাদের কর্মীদের। ডিসেম্বরের শুরু থেকেই প্রচণ্ড ঠান্ডা, এর সঙ্গে রয়েছে বাতাসও, এর ফলে টানানোর পর পোস্টারগুলো ছিঁড়ে পড়ছে। তাই অধিকাংশ প্রার্থী পোস্টার রক্ষার কৌশল হিসেবে ‘পলিথিন থেরাপি’ প্রয়োগ করছেন। এতে যেমন পোস্টার রক্ষা পাচ্ছে, তেমনি পোস্টারের রংও স্বাভাবিক থাকছে। এ কারণে চাহিদা বেড়েছে পলিথিনেরও।
