‘বর্ষসেরার পুরস্কার মেসি পেলে মেনে নেবেন রোনালদো’

‘বর্ষসেরার পুরস্কার মেসি পেলে মেনে নেবেন রোনালদো’
স্পোর্টস ডেস্কঃ এবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে উঠলে মেনে নেবেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা ফুটবলারের বিগত ৭টি পুরস্কার রোনালদো আর মেসি ভাগাভাগি করে নেন। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ৪ বার জেতেন পুরস্কারটি। আর গত ২ বারসহ রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা এই পুরস্কার জেতেন ৩ বার। এবার অবশ্য পুরস্কারটি মেসির হাতেই উঠবে বলে অনেকে মনে করছেন। জাতীয় দলের হয়ে কিছু জিততে না পারলেও গত মৌসুমে বার্সেলোনাকে শিরোপা-ত্রয়ী জেতাতে দারুণ ভূমিকা রাখেন মেসি। মেসি ফিফা-বর্ষসেরা পুরস্কার জিতলে মোটেই হতাশ হবেন না বলে জানান রোনালদো। ‘মেসি ব্যালন-ডি'অর জিতলে আমার কিছু আসে-যায়না। আমি জানি, এই পুরস্কার আমি জিতব কি জিতব না তা আমার হাতে নেই। পুরোটাই অন্যদের ওপর নির্ভর করে।’ ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে। ২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা-ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে। জার্মানির ক্রীড়া সাময়িকী কিকারকে রোনালদো বলেন, ‘আমার ক্যারিয়ারের গত আট বছর ধরে আমি সব সময়ই একই রকম থেকেছি। আমি সব সময়ই উঁচু মানের খেলা খেলেছি। আমাকে ইতিহাসের আরেকজন খেলোয়াড়ের নাম বলেন, যে একই কাজ করেছে।’ ব্যক্তিগত পুরস্কার বা দলের হয়ে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে বলে মনে করেন রোনালদো। তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে খুশি ও গর্বিত। অনেকে মনে করে, মেসি সেরা; অনেকে মনে করে, ইনিয়েস্তা। আমি মানুষের মতামতকে শ্রদ্ধা করি।’ প্রসঙ্গত, আগামী ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম।

Post a Comment

Previous Post Next Post